Logo

সারাদেশ

ইসলামী যুব আন্দোলনের নেতা খুন

নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৩:১০

নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।

যেখানে বুলবুলের ওপর হামলা হয়েছে সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন বলে ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতি মাছুম বিল্লাহ জানিয়েছেন।

এ হত্যাকাণ্ডের জের ধরে বিক্ষোভের সময় ইসলামী আন্দোলনের কর্মীরা ফেসবুক লাইভে বলেন, বুলবুল হত্যার বিচারের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছেন। হত্যায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দাবি করে তারা বলেন, প্রশাসনের কোনো আশ্বাসে নয়, ‘স্পষ্ট কমিটমেন্ট’ ছাড়া অবরোধ প্রত্যাহার করবেন না।

মুফতি মাছুম বিল্লাহর ভাষ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে মামলা করেন বুলবুল। মামলায় স্থানীয় একটি ‘কিশোর গ্যাং’ এর নেতা শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়।

এ মামলার জেরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা বুলবুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ মাছুম বিল্লাহর।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, মহাসড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। এখন তারা সড়ে গেছেন। যান জলাচল স্বাভাবিক হয়েছে। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন