Logo

সারাদেশ

যৌন হয়রানির সত্যতা মিলতেই ৩ মাসের ছুটির আবেদন শিক্ষকের

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ২০:৫৩

যৌন হয়রানির সত্যতা মিলতেই  ৩  মাসের ছুটির আবেদন শিক্ষকের

 ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ বার্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে গণিত শিক্ষক নুরুদ্দোহা সোহেলের বিরুদ্ধে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হকের তদন্তে বিষয়টি ‘সম্পূর্ণ সত্য’ প্রমাণিত হওয়ায় বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে প্রতিবেদন জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। একই সাথে স্থগিত করা হয়েছে অভিযুক্ত শিক্ষকের বেতন।

তদন্তের সত্যতা মেলা ও প্রশাসনিক শাস্তির প্রক্রিয়া শুরু হতেই অভিযুক্ত শিক্ষক প্রথমে ৩ দিন এবং পরে ৩ মাসের ‘চিকিৎসা ছুটির’ আবেদন করে কৌশলে আত্মগোপনের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তবে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহঃ শাহনুর জামান এই ছুটির আবেদনকে অযৌক্তিক আখ্যা দিয়ে জানান, আবেদনটির কোনো সুপারিশ (ফরওয়ার্ডিং) পাঠানো হবে না।

এদিকে চরম সামাজিক ও মানসিক বিপর্যস্ততা এবং নিরাপত্তার শঙ্কায় ভুক্তভোগী শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) নিয়ে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পরিবার। গত ১৯ আগস্ট দুপুরে ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন