ধামরাইয়ে টায়ার দিয়ে তেল তৈরি কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ দপ্তর
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ২১:০৬
ঢাকার ধামরাইয়ে টায়ার পুড়িয়ে তেল তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ দপ্তর । গত বুধবার পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় হযরত শাহ আলী টায়ার রিসাইক্লিং নামে কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকার কারখানাটিতে গোপনে দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে ক্ষতিকারক তেল তৈরি করা হত। এতে টায়ারের কালো ধোঁয়ায় চারপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, অবৈধভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা মালিককে জরিমানা করা হয়েছে এবং কারখানাটি ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা এই ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান এই কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন- ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক হাবিবুর রহমান। আইনশৃঙ্খলা সদস্যরা।
বিকে/মান্নান

