Logo

সারাদেশ

শিক্ষার মানোন্নয়নে মাদরাসায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৬:৫৯

শিক্ষার মানোন্নয়নে মাদরাসায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: সংগৃহীত

মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরে এক বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শিবচর উপজেলার বাহাদুরপুর শরীয়াতিয়া কামিল মাদরাসায় বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন। তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও শ্রেণী কক্ষ পরিদর্শন করেন। 

পরবর্তীতে তিনি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের নিজ উদ্যোগে প্রকাশিত বর্ণিল দেয়ালিকার শুভ উন্মোচন করেন ও লাইব্রেরির কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হলো— এমন এক দক্ষ মানবসম্পদ তৈরি করা, যারা পবিত্র কোরআনের জ্ঞানে আলোকিত হবে এবং একই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে।

তিনি বলেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের নেতৃত্বে বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য হলো একটি ‘স্মার্ট বিশ্ববিদ্যালয়’গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা লাভ করবে।

তিনি আরও বলেন, সরকারের দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা পূরণে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদাত্ত আহ্বান করেন।

মাদরাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানোন্নয়ন সভায় গভর্নিং বডির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ মোহসেন সারমাদ, সহ-সভাপতি এ আর এম ওয়ায়েয ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুস সালামসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্য, স্থানীয় সুধীজন, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা-২০২৫ এর অনুষ্ঠিতব্য পরীক্ষার কেন্দ্র পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে হওয়ায় পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশ করেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন