প্রতিষ্ঠানভিত্তিক হিফজুল কুরআন, ক্বেরাত ও হাদিস-মাসায়েল প্রতিযোগিতায় তিন পুরস্কার অর্জন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বৃহত্তর গুনই গ্রামের উলামায়ে কেরামের সামাজিক সংগঠন আল-ক্বাসীম সমাজকল্যাণ পরিষদ, গুনই-এর উদ্যোগে প্রতিষ্ঠানভিত্তিক শিশু-কিশোর বিষয়ভিত্তিক প্রতিযোগিতা এবং গুনই গ্রামের নবীন আলেম ও হাফেজদের সংবর্ধনা ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার গুনই মাদানিয়া হুফফাজুর কুরআন মাদরাসার বায়তুল আহরার জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ১৩টি মাদরাসার প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ের পাশাপাশি হিফজুল কুরআন, ক্বেরাত এবং হাদিস ও মাসায়েল বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে মোট ৯টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে মাদরাসা দারুল আশরাফ গুনইর শিক্ষার্থীরা তিনটি পুরস্কার অর্জন করে। হিফজুল কুরআন বিভাগে ১ম স্থান, ক্বেরাত বিভাগে ১ম স্থান এবং হাদিস ও মাসায়েল বিভাগে ৩য় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।
হিফজুল কুরআন বিভাগে ১ম স্থান অর্জন করে মাদরাসার শিক্ষার্থী সাজিদুর রহমান। তার পিতা মরহুম জালাল উদ্দিন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কামধরপুর গ্রামে।
ক্বেরাত বিভাগে ১ম স্থান অর্জন করে তাবাসসুম আক্তার। তার পিতা শাইখুল ইসলাম। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনই পাটনিবাড়ি গ্রামে।
হাদিস ও মাসায়েল বিভাগে ৩য় স্থান অর্জন করে শাহ রাইশা জাহান। তার পিতা শাহ নুরুল ইসলাম। তার বাড়ি বানিয়াচং উপজেলার গুনই ফকিরবাড়ি গ্রামে।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে গুনই গ্রামের নবীন আলেম ও হাফেজদের সংবর্ধনা ও পাগড়ি প্রদান করা হয়।
অনুষ্ঠানে গুনই মাদানিয়া হুফফাজুর কুরআন মাদরাসা (বায়তুল আহরার জামে মসজিদ)-এর প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আল-ক্বাসীম সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা গোলাম রহমান খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাস্তবায়ন কমিটির সদস্য ও সংগঠনের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা লুৎফুর রহমান সেবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ক্বাসীম সমাজকল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা প্রবীণ আলেম মাওলানা আব্দুশ শহিদ খান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি শাহ আব্দুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ কুরাইশি মাক্কী, হাফেজ মাওলানা আব্দুল মুহিত সালেহ, মাওলানা নজীর আহমদ পুকড়া, এইচ এম আব্দুর রহমান চৌধুরী, হাফেজ বদরুল আলম, হাফেজ তমিজ উদ্দিন বাজিতপুরী, হাফেজ মাওলানা কাওছার আহমদ চৌধুরী বড়ইউড়ি, হাফেজ আব্দুল কাইয়ূম, মাওলানা আফজাল হুসাইন, মোহাম্মদ ইসহাক, মাস্টার তালাব উদ্দিন, হাফেজ হুসাইন আহমদ, মাওলানা বদরুল আলম আনসারী, হাফেজ তাফাজ্জুল হক্ব, মাওলানা শাহ আব্দুল খালিক, মুফতি শাহ জাকির আহমদ ও ডাঃ সুজাত আহমেদ তালুকদার।
এছাড়াও গুনই আলোর দিশারী সামাজিক সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, আল ইসলাহ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল সদস্য, এলাকার মুরুব্বি, যুবক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল জামিয়া শহীদিয়া, পুরানগাঁও; তাজবিদুর কুরআন মাদরাসা, তাজপুর; দারুসসুন্নাহ মাদরাসা, ধুলিয়া; তাসনুভা শামীম দারুল ইসলাম মাদরাসা, শান্তিনগর, গুনই; দক্ষিণ গুনই এমদাদিয়া মাদরাসা; মাদানিয়া হুফফাজুর কুরআন মাদরাসা, গুনই; জামিয়া ফয়জে আম, গুনই; আনোয়ার উলুম মহিলা মাদরাসা, বড়ইউড়ি; দারুল উলুম বড়ইউড়ি হাফিজিয়া মাদ্রাসা; মাদানিয়া মাদরাসা, কাগাপাশা; দারুসসুন্নাহ মাদরাসা, শেখের মহল্লা, বানিয়াচং এবং দারুল মারিফ মাদরাসা, বড় বাজারসহ মোট ১৩টি প্রতিষ্ঠান।
মাদরাসা দারুল আশরাফ গুনইর শিক্ষকরা বলেন, এ অর্জন শুধু বিজয়ী তিন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক তালীম-তারবিয়াত এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়ার সম্মিলিত ফল। কুরআন তিলাওয়াত, হিফজ, হাদিস ও মাসায়েলের মতো গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয়ে শিক্ষার্থীদের এ সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
মাদরাসা কর্তৃপক্ষ এ ধরনের সুন্দর ও দ্বীনভিত্তিক আয়োজনের জন্য আল-ক্বাসীম সমাজকল্যাণ পরিষদ, গুনই-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।
মাদরাসা দারুল আশরাফ গুনইর পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁদের ইলমে নাফে, আমলে সালেহ ও উত্তম আখলাকে সমৃদ্ধ করেন এবং কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দ্বীন ও উম্মাহর খেদমতে নিজেদের নিয়োজিত করার তাওফিক দান করেন।

