খুলনায় ডেঙ্গুর প্রকোপ, সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের পাশে কেসিসি
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২১:২৯
ছবি: সংগৃহীত
ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে তিন মাস পূর্ব থেকে কাজ শুরু করা হয়েছে। শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নগরবাসীকে নিরাপদ রাখতে সচেতনতা বৃদ্ধির জন্যও সর্বশক্তি নিয়োজিত করেছি। কিন্তু ডেঙ্গু সংক্রমণ হ্রাসে আশানুরূপ ফল আসছে না। নগরবাসীকে নিরাপদ রাখতে হলে শুধু সড়ক ও ড্রেন নয়, প্রত্যেকের বাড়ি-ঘরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। ঝোপঝাড় ও বদ্ধ পানি অপসারণ করতে হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলামু মঞ্জু সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উল্লেখ্য, খুলনা মহানগরীতে ডেঙ্গু জ¦রের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ হ্রাসে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। পিডব্লিউডি স্কুল ছাড়াও সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রশাসক বন্ধুমহলে ও পরিবারের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের ভূমিকা রাখার অনুরোধ জানান এবং সপ্তাহে অন্তত একদিন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস পরিষ্কার করতে উদ্যোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা গড়ে উঠলে ডেঙ্গু জ্বরের সংক্রমণ হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রশাসক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।
অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের খবর/আরইউ

