কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা
আনসার সদস্যদের হাতে যুবক আটক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৪
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বৈদ্যুতিক তার চুরির চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মো. মাসুম হাসান ও সাবেদ আলী নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা হাসপাতাল ভবনের অভ্যন্তরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পরবর্তীতে সেখানে গিয়ে দেখতে পান, মো. আবদুল আলীম (২৬) নামে এক ব্যক্তি সরকারি বৈদ্যুতিক তার কেটে চুরির চেষ্টা করছেন।
পরিস্থিতি অনুধাবন করে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা সাহসিকতা, সতর্কতা ও দ্রুততার সঙ্গে অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক তারসহ ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। আটক আবদুল আলীম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকার বাসিন্দা।
ঘটনার পরপরই বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে অবহিত করা হয়। পরবর্তীতে কালিয়াকৈর থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আটক ব্যক্তিকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে চুরির চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। আনসার সদস্যদের এই দায়িত্বশীল ও সাহসিকতাপূর্ণ ভূমিকা প্রশংসনীয় বলে মত সংশ্লিষ্টদের।
বাংলাদেশের খবর/আরইউ

