বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন তারা
কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহী নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কক্সবাজারে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চালকসহ চার আরোহীর প্রাণ গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় ওই দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন কক্সবাজার জেলার ঈদগাঁ ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মিফতা, মোরশেদ, ফেরদৌস আলম ও কক্সবাজার সদরের নাপিতখুলি এলাকার মাইক্রোবাস চালক মো. হাসান।
নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক বলেন, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ে হয়। সেই বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে তার পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। এ সময় পথে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, শিকলবাহা এলাকা অতিক্রমের সময় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নিতে গিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর অপর দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানটির চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাদেশের খবর/আরইউ

