সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫০
ছবি: সংগৃহীত
লালমনিরহাটে তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘সত্য প্রকাশে কলম চলবে’—এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তাদের দাবি, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পথ বাধাগ্রস্ত করতেই এ মামলা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরার দায়িত্ব পালন করেন। কোনো প্রতিষ্ঠানের অনিয়ম বা দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের কণ্ঠরোধ করা উচিত নয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কোনো অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধ করা যাবে না। তারা অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
সাংবাদিক নেতারা আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে এবং গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান তারা।
বৈরী আবহাওয়ার মধ্যেও কর্মসূচিতে সাংবাদিকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। প্রায় দুই ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বক্তারা ‘সত্য প্রকাশে কলম চলবে’—এই প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার মামলাটি দ্রুত প্রত্যাহার, সাংবাদিক হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশের খবর/আরইউ

