Logo

সারাদেশ

বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১১

বদলগাছীতে ইউপি চেয়ারম্যানের   বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ


সরকারের সামাজিক কর্মসূচির আওতায় দুস্থ নারীদের পরিবারকে খাদ্য সহায়তার ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ তালিকায় অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বচ্ছল পরিবারের নাম অন্তর্ভুক্তিতে অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল এমরান হোসেনের বিরুদ্ধে। তিনি উপজেলা বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ভিডব্লিউবি কার্ডে স্বজনপ্রীতি ও স্বচ্ছল পরিবারের নাম দেওয়ায় চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে। বিষয়টি তদন্ত করে প্রকৃত গরীব ও অসহায়দের তালিকা প্রস্তুতের দাবী জানানো হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্যমতে, দুস্থ নারীদের পরিবারকে খাদ্য সহায়তার কর্মসূচির পূর্ব নাম ভিজিডি হলেও ২০২২ সালের ১৬ অক্টোবর ভিডব্লিউবি নামে পরিপত্রের অনুমোদন দেয় সরকার। বালুভরা ইউনিয়নের ২০২৫-২৬ অর্থ বছরে ভিডব্লিউব’র কর্মসূচির আওতায় ১৮৬ জন উপকারভোগী রয়েছে। দুস্থ নারীর পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চালের খাদ্য সহায়তা দেয় সরকার।

ভিডব্লিউবি তালিকায় দুস্থ নারীদের পরিবারকে অন্তর্ভুক্তি করার নিয়ম থাকলেও তা মানা হয়নি। কিন্তু ইউপি চেয়ারম্যান স্বজনপ্রীতি করে তার পছন্দের ব্যক্তিদের নামে কার্ড দেওয়া হয়েছে। যেখানে বিএনপি নেতা, স্বচ্ছল পরিবার ও ব্যবসায়িদের নাম রয়েছে। তালিকায় স্বচ্ছল ব্যক্তিদের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

১ নম্বর ওয়ার্ডের কোমারপুর গ্রামের বাসীন্দা গৃহবধু হাফিজা সুলতানা(৩২)। স্বামী ওয়াসিম আলী একজন ধান ব্যবসায়ি। ইটের পাঁকা বাড়ী সহ কয়েকবিঘা জমির মালিক। পাশাপাশি জমি বন্ধক নিয়েও আবাদ করেন। এলাকার মধ্যে স্বচ্ছল পরিবার। ওয়াসিম আলী ইউনিয়ন বিএনপি নেতা হওয়ার সুবাদে স্ত্রী হাফিজা সুলতানার নামে করা হয়েছে ভিডব্লিউবি কার্ড।

গৃহবধু হাফিজা সুলতানা সুলতানা বলেন- কয়েকমাস থেকে চাল পাওয়া যাচ্ছে। ভোটার আইডি কার্ড দিয়ে ভিডব্লিউবি ‘র কার্ড করে দেওয়া হয়েছে। ওয়াসিম আলীর বাবা বৃদ্ধ আব্দুস সাত্তার বলেন, ৩ বিঘা জমি বন্ধক নিয়ে আবাদ করা হয়। সরকার থেকে ভিডব্লিউবি চাল পেয়ে উপকার হচ্ছে। ওই চালের ভাত খাওয়া হয়।

১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনন্দ কুমার শীল বলেন- এ ওয়ার্ডের কোন স্বচ্ছল পরিবার ভিডব্লিউবি উপকারভোগীর কথা আমার জানা নেই। তবে ধান ব্যবসায়ি ও পাকা বাড়ির মালিক ওয়াসিম আলী ও তার স্ত্রী হাফিজা সুলতানার নাম বলতেই ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন ওই পরিবারকে কার্ড দিয়েছে বলে জানান তিনি।

ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার শিউলি বেগমের ছেলে সুমন এর স্ত্রীর সাম্মী আক্তারের নাম রয়েছে ভিডব্লিউবি তালিকায়। যদিও মহিলা মেম্বারসহ সহ ছেলে-ছেলের বউ একই বাড়িতে বসবাস করেন এবং এক পাতিলের খাবার খান। তাদের ৪-৫ বিঘা ফসলি জমি আছে।

মহিলা মেম্বার শিউলি বেগম বলেন- তার ছেলের বউয়ের নামে কার্ড হলেও অন্য একজনকে চাল দেওয়া হয়। তার ভোটার আইডি কার্ডের সমস্যা থাকায় ওই সময় ছেলের বউয়ের নামে কার্ড করা হয়েছে।

৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুভরা গ্রামে খোরশেদ আলী সাগিদার এর স্ত্রী লাভলী বেগমের নামে কার্ড দেওয়া হয়েছে। খোরশেদ আলী সাগিদার এই গ্রামের বাসীন্দা হলেও গত ১৫ বছর আগে পাশের নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নের শালুকান গ্রামে বসবাস করছেন। তার স্ত্রীর নাম কুইন বেগম। তাদের ইটের পাঁকা বাড়ি আছে। তবে তারা ভিডব্লিউবি‘র চাল পান না। এলাকাবাসীরা খোরশেদ আলী সাগিদারকে চিনলেও লাভলী বেগমকে চিনেন না। ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আক্কাস আলী বলেন, খোরশেদ আলী সাগিদার নামে ওই একজন ব্যক্তি আছেন। তারা চাল পান।

বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন বলেন, এক বছর আগে ভিডব্লিউবি‘র কার্ডগুলো বিতরণ করা হয়েছে। তালিকায় কিভাবে নাম আসছে আমার জানা নেই। এখানে কোন অনিয়ম হয়নি। এর বেশিকিছু আর বলতে চাইনা।

এ বিষয়ে বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ বলেন- প্রতিটি ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি যাচাই-বাছাই করার জন্য একটি কমিটি আছে। ওই কমিটির সভাপতি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। ইউপি চেয়ারম্যান কমিটির প্রস্তাবনা পাঠান, আমরা অনুমোদন করি। যদি কোন স্বচ্ছল পরিবারের নাম থাকে ৬ মাসের মধ্যে সেটা সংশোধন করা হয়। তবে এখন সেই সুযোগ নেই।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন