ভৈরবে নদী ভাঙন রোধে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধের উদ্যোগ
আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৪
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানিয়েছেন, মেঘনা নদীর ভাঙন থেকে কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের এলাকা রক্ষায় ৩৮৫ কোটি টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ ও সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে ভৈরব শহরের কালিপুর এলাকায় মেঘনা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, মেঘনা নদীর ভাঙনে ভৈরব শহরসহ উপজেলার কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের চাহিদার ভিত্তিতে ফেরিঘাট থেকে মেন্দিপুর পর্যন্ত ২৪ কিলোমিটার বেড়িবাঁধ ও সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮৫ কোটি টাকা। পর্যায়ক্রমে প্রকল্পের পরিধি আরও বাড়ানো হবে।
তিনি বলেন, মেঘনা নদীর সঙ্গে সংযুক্ত ছোট ছোট খাল-বিলের পানি চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় স্থানে সেতু নির্মাণ করা হবে। এতে বেড়িবাঁধ ও সড়ক নির্মাণের কারণে নদীর পানির স্বাভাবিক প্রবাহে কোনো সমস্যা হবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের সার্বিক উন্নয়ন ও এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
এর আগে সকালে ভৈরব উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় কমলপুর ডাকবাংলোয় ভৈরব ফুটবল একাডেমিকে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী দেন প্রতিমন্ত্রী। পরে ভৈরব বাজারের চান্দানী টিলার হরিজন পল্লীতে স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নিম্ন আয়ের এলাকায় স্যানিটেশন, সড়ক ও ড্রেনেজ উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি।
বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ ও সংসদ সদস্যের তহবিলের অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিকে/মান্নান

