মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৪
গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যকে লালন করে টাঙ্গাইলের মির্জাপুরে অত্যন্ত আনন্দমুখর ও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘নৌকা বাইচ’। শুক্রবার বিকেলে লতিফপুর ইউনিয়নের পাঠাখালী সংলগ্ন ত্রিমোহন বান্দরমারা এলাকার বংশাই নদীতে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ত্রিমোহন বান্দরমারা এলাকাবাসীর আয়োজনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিশাল নৌকা বাইচ অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম।
এসময় মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, লতিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজালুর রহমান দুলাল,সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ সিকদার, মো. নুরুল ইসলাম নিয়ত আলী, মো. জুলহাস মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর এই প্রতিযোগিতায় ৫টি নৌকা নিয়ে অংশগ্রহণ করে। মাঝিমাল্লাদের হাঁকডাক, বাদ্যযন্ত্রের ঝংকার, বৈঠার বাড়িতে পানির শব্দ এবং দর্শকদের করতালি ও ধ্বনিতে পুরো বংশাই নদী তীর উত্তাল হয়ে ওঠে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাইচ উপভোগ করেন বাইচ দেখতে আসা হাজারো দর্শনার্থী। পর চমৎকার কৌশল ও ক্ষিপ্রতা দেখানো ৪টি দলকে ফ্রিজ ও ১টি দলকে টিভি পুরস্কার হাতে তুলে দেন অতিথি ও আয়োজকর।
বিকে/মান্নান

