রাজশাহী রেলওয়ে স্টেশন
শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা না থাকার দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯
ছবি: সংগৃহীত
সম্প্রতি রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত ‘আনসার সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ভাঙচুর’ শিরোনামের প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার তথ্যটি সঠিক নয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, দাবি বাহিনী সংশ্লিষ্টদের।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, প্রকৃতপক্ষে রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB)-এর সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরবর্তীতে মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন।
পরবর্তীতে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারেন যে সংশ্লিষ্ট ব্যক্তিরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB)-এর সদস্য, আনসার সদস্য নন। একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশের তথ্য অনুযায়ী RNB-এর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে ঘটনাটির সঙ্গে আনসার সদস্যদের সম্পৃক্ততার কোনো বিষয় নেই।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্পষ্টভাবে জানাচ্ছে যে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কোনো আনসার সদস্যের সম্পৃক্ততা নেই। অতএব, প্রকৃত তথ্য যাচাই না করে এ ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা অত্যন্ত বিভ্রান্তিকর এবং এতে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সকলের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছে এবং প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানাচ্ছে।
বাংলাদেশের খবর/আরইউ

