মাদারীপুরে ভুয়া তালিকা করায় সংবাদ সম্মেলন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯
মাদারীপুরের রাজৈর উপজেলায় রাজনৈতিক ষড়যন্ত ও অপপ্রচার এবং ভূয়া তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতা মেহেদী হাসান (লাল্টু সরদার। বুধবার দুপুরে কবিরাজপুর বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবিরাজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আউটসোর্সিং-এ কর্মরত মেহেদী হাসান (লাল্টু সরদার)। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি তিনি একটি কৃষি সারের ডিলারশিপ পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জমা দেন। উক্ত ডিলারশিপ প্রাপ্তিতে বাধা সৃষ্টি করতে এবং তাকে সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চক্রান্ত চালিয়ে আসছে। তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে তার চাচাতো ভাই সাইফুল সরদার (৪৫) তাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এসব চক্রান্তে লিপ্ত হয়েছেন। মেহেদী হাসান জানান, তাকে সামাজিকভাবে কালিমা লিপ্ত করতে কবিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের মূল তালিকা জাল বা নকল করা হয়েছে। পরবর্তীতে সেই নকল তালিকার ২২ নম্বর ক্রমিকে অন্যায়ভাবে তার নাম যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান: তিনি অতীত বা বর্তমানে কখনোই আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের সাথে যুক্ত ছিলেন না এবং এখনো নেই। তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং সারের ডিলারশিপ পেতে বাধা সৃষ্টি করাই এই জালিয়াতির মূল উদ্দেশ্য। উক্ত চক্রান্ত ও জালিয়াতির বিষয়ে তিনি ইতোমধ্যে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে মেহেদী হাসান প্রকৃত সত্য উন্মোচন, ষড়যন্ত্রমূলক জালিয়াতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে সুবিচারের দাবি জানান।
বিকে/মান্নান

