Logo

সারাদেশ

মির্জাপুরে ইটভাটার অংশীদারত্ব নিয়ে তীব্র বিরোধ

Icon

রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল)

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১

অ
মির্জাপুরে ইটভাটার অংশীদারত্ব   নিয়ে তীব্র বিরোধ

টাঙ্গাইলের মির্জাপুরে ‘বাটা ইটভাটা’র মালিকানা ও প্রাপ্য অংশ প্রদানকে কেন্দ্র করে চার অংশীদারের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। চারজন মিলে ভাটাটি প্রতিষ্ঠা করলেও বর্তমানে অন্য তিন অংশীদারকে তাদের প্রাপ্য অংশ লিখিতভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে আকবর হোসেন নামে এক অংশীদারের বিরুদ্ধে।

জানা যায়, ২০২৩ সালের শেষের দিকে বহুরিয়া এলাকায় সমেজ উদ্দিন, জুয়েল রানা, মাসুম কবীর ও আকবর হোসেন যৌথভাবে ইটভাটাটি গড়ে তোলেন। চুক্তিমতে আকবর হোসেনের ৪০%, সমেজ উদ্দিনের ৩০%, জুয়েল রানার ১৫% এবং মাসুম কবীরের ১৫% অংশীদারিত্ব রয়েছে। প্রশাসনিক সুবিধার জন্য আকবর হোসেনকে প্রোপ্রাইটর করা হলেও দীর্ঘদিন ধরে হিসাব-নিকাশ তিনিই পরিচালনা করছেন। তবে সম্প্রতি প্রাপ্য অংশ লিখিতভাবে বুঝিয়ে দেওয়ার দাবি জানালে তিনি অস্বীকৃতি জানান।

বিষয়টি নিরসনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইটভাটা মালিক সমিতি ও মির্জাপুর থানায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আকবর হোসেন চারজনের অংশীদারিত্বের কথা স্বীকার করেন এবং দুই দিনের মধ্যে তা বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি অংশ বুঝিয়ে দেননি; বরং অপর তিন অংশীদারের বিরুদ্ধে থানায় ও ডিবি কার্যালয়ে অভিযোগ ও মামলা দায়ের করেন বলে দাবি ভুক্তভোগীদের।

ভাটার ম্যানেজার, জমির মালিক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিশ্চিত করেছেন যে, প্রতিষ্ঠানটি চারজনের যৌথ উদ্যোগেই পরিচালিত হয়ে আসছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে আকবর হোসেন দাবি করেন, তিনি নিজেই ভাটার একমাত্র মালিক এবং অন্য তিনজনের দাখিল করা কাগজপত্র ভুয়া। তারা মূলত পাওনা টাকার বিপরীতে অংশীদারিত্ব দাবি করছেন।

উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে ইটভাটাটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত আইনি ও সামাজিকভাবে বিষয়টির নিরপেক্ষ সুরাহা করে প্রকৃত অংশীদারদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন