Logo

সারাদেশ

ফেনীর মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৫:২১

অ
ফেনীর মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার মুহুরী সেতুর কাছে খেয়াঘাট এলাকায় দুপুর ২টা ১৮ মিনিটের দিকে তিনি প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ও দুটি বৃক্ষ রোপণ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তার প্রথম সরকারি সফর। দিনব্যাপী সফরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে তার সরাসরি অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরের শুরুতে পরশুরামে মুহুরী ও কহুয়া নদীকেন্দ্রিক বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে নেওয়া বড় এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে এ অঞ্চলে বন্যার ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে, কৃষি ও সেচসুবিধার উন্নতি হবে এবং নদীতীরবর্তী মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সহায়ক হবে।

এক হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এখন এর প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদিত বড় এই প্রকল্পের আওতায় প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ৮৩ দশমিক ৫ কিলোমিটার নদী পুনঃখনন, ব্লক স্থাপনসহ তীর সংরক্ষণকাজের মাধ্যমে ১১ দশমিক ৫ কিলোমিটারের বেশি নদীতীর সুরক্ষার কাজ করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় একটি আধুনিক হাইড্রোলিক এলিভেটেড বাঁধও নির্মাণ করা হবে।

ফেনীর ১২২ কিলোমিটার দীর্ঘ প্রধান এ বাঁধের নির্মাণকাজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মেয়াদে শুরু হয়েছিল। এ কারণে প্রকল্পটির বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। প্রকল্পটির আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং নতুন বাঁধ নির্মাণকাজের সূচনা এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে উদ্বোধন হলো। স্থানীয় মানুষ আশা করছেন, এর মধ্য দিয়ে ফেনীতে বন্যা মোকাবিলায় নতুন অধ্যায়ের সূচনা হবে।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে বড় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও কৃষি সহায়তাসংক্রান্ত কর্মসূচিও রয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ উদ্বোধনের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান এবং ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার আনুষ্ঠানিকতাও থাকবে। এছাড়া ফুলগাজীতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পরশুরাম, ফুলগাজী ও ফেনীর আশপাশের বন্যাপ্রবণ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে টেকসই বাঁধ, কার্যকর নিষ্কাশনব্যবস্থা ও আধুনিক সেচসুবিধার প্রত্যাশা করে আসছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু; পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন