হোসেনপুরে আমন মাঠে সবুজের সমারোহ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২০:১৬
শরতের নীল আকাশের নিচে কিশোরগঞ্জের হোসেনপুরের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন রোপা আমনের সবুজ সমারোহ।যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ, উপজেলার মাঠ জুড়ে যেন সবুজ গালিচায় মোড়ানো, এই গালিচায় মিশে আছে কৃষকের সোনালী স্বপ্ন।পরিবারের ভরণপোষণ, সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় খরচের যোগানদাতা এই ফসলের মাঠ।আর মাত্র মাসখানেক পরেই ধানের গোলা ভরে উঠবে সোনালী ফসলে এমন ভাবনায় দিন রাত নানান স্বপ্নে বিভোর তারা।
রবিবার সরেজমিনে উপজেলার মাঠগুলি ঘুরে দেখা যায়, ধানের শীষে দানা আসতে শুরু করায় ভালো ফলনের প্রত্যাশায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে মাঠপর্যায়ে আরও পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা চান তারা।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে হোসেনপুরের ছয়টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় আট হাজার ২৫১ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩৩ থেকে ৩৭ হাজার মেট্রিক টন।
ধানের অবস্থা ভালো থাকলেও কোথাও কোথাও ইঁদুরের ক্ষতির পাশাপাশি দেখা দিয়েছে পোকার আক্রমণ।
সিদলা ইউনিয়নের গড় মাসুয়া গ্রামের সফির উদ্দিন ও কোনা মেছেরা গ্রামের রুবেল মিয়া জানান, পোকার আক্রমণে তাদের ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে মাঠপর্যায়ে কাঙ্ক্ষিত প্রতিকার না পাওয়ায় ভালো ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
অন্যদিকে, গোবিন্দপুর গ্রামের সোহরাব উদ্দিন ,জগদল গ্রামের রিপন মিয়া এবং জিনারী ইউনিয়নের পিপলা কান্দি গ্রামের রফিকুল ইসলাম জানান, কিছু জমিতে ইঁদুরের ক্ষতি হলেও এ ক্ষতি কাটিয়ে উঠতে পারলে আমনের ভালো ফলনের প্রত্যাশা করছেন তারা।
কৃষকদের মতে, সময়মতো তেল, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য হলে চাষাবাদ আরও নির্বিঘ্ন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন বলছেন, আমনের ভালো ফলন নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
ইঁদুর ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় জমির আইল ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা, পার্চিং এবং প্রয়োজন অনুযায়ী অনুমোদিত বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিকে/মান্নান

