Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২০:২২

অ
আলফাডাঙ্গায় নিম্নমানের   খোয়া দিয়ে সড়ক নির্মাণ

 ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় সড়ক সংস্কারে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রকল্প তথ্যের সাইনবোর্ড না টাঙিয়েই বারবার প্রশাসনিক সতর্কবার্তা ও নোটিশ অমান্য করে মানহীন ইটের খোয়া দিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ‘কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারী প্রজেক্ট (এলজিসিআরআরপি)’-এর আওতায় বুড়াইচ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে বাঁকাইল ঈদগাহ পর্যন্ত ১ হাজার ৪৮ মিটার দৈর্ঘ্যের ইউনি ব্লক সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রায় ৯৭ লাখ টাকা ব্যয়ের এ কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স গ্রীন কনস্ট্রাকশন’।

সড়কটির ভিত্তি নির্মাণেই (ডাব্লিউবিএম লেয়ার) নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়। গত ৮ জুলাই এসব মানহীন সামগ্রী সরানোর নির্দেশ দেওয়া হলেও ঠিকাদার কাজ চালিয়ে যান। গত ১৩ সেপ্টেম্বর ফরিদপুর আরএমএসইউ-এর প্রকৌশলী সরেজমিনে পরিদর্শনে এসে অনিয়মের সত্যতা পেয়ে মানসম্মত কাজের নির্দেশ দেন। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর আলফাডাঙ্গা পৌরসভার প্রশাসক ঠিকাদারকে কারণ দর্শানোসহ চূড়ান্ত নোটিশ জারি করেন। নোটিশে ১৫ অক্টোবরের মধ্যে মানহীন খোয়া সরিয়ে নতুন করে সিডিউল অনুযায়ী কাজ শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে কাজ পুনর্র্নিমাণে ব্যর্থ হলে আগের দেওয়া বিল আদায়সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এস এম কোবাদ বলেন, চিঠির নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে। আলফাডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী জাকারিয়া আলম জানান, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়ায় ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব বলেন, পৌরসভার উন্নয়নকাজে অনিয়মের কোনো সুযোগ নেই। মানহীন সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন