Logo

সারাদেশ

ফেনীতে মশা নিধনে পৌর সভার নতুন উদ্যোগ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ২০:৫৭

অ
ফেনীতে মশা নিধনে পৌর সভার  নতুন উদ্যোগ

ফেনী পৌরসভায় মশার উপদ্রব হ্রাস ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গতি আনতে নতুন ক্রয়কৃত মশা নিধনকারী ফগার মেশিনসমূহ আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেছেন ফেনী পৌরসভার প্রশাসক নূরুউদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। 
বুধবার পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ পরিদর্শনে তিনি নতুন আনীত ফগার মেশিনগুলোর কার্যকারিতা, গুণগত মান এবং স্প্রে জ্বালানির সরবরাহ নিশ্চিত করার বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক নূরুউদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, “পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের প্রধান অগ্রাধিকার। সম্প্রতি মশার বিস্তার বৃদ্ধি পাওয়ায় মশা নিধন অভিযানকে আরও বেগবান করার লক্ষ্যে এসব আধুনিক ফগার মেশিন ক্রয় করা হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অলিগলি, নালা-নর্দমা এবং মশা প্রজননপ্রবণ স্থানে নিয়মিতভাবে একযোগে ওষুধ স্প্রে নিশ্চিত করা হবে।”
তিনি পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে সঠিক নিয়মে মেশিন পরিচালনা করার নির্দেশনা দেন এবং কোনো এলাকায় যেন স্প্রে বাদ না পড়ে সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোর নজরদারির নির্দেশ দেন।
এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন , মেডিকেল অফিসার ডা: কৃষ্ণপদ সাহা, সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল জিসান,  প্রশাসনিক কর্মকর্তা এস এম শরাফাত উল্লাহ চৌধুরী এবং পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরসভা কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগে আশার আলো দেখছেন সাধারণ পৌরবাসী। ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের বাসিন্দা ও হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল আলমগীর কবীর জানান, নতুন ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত ওষুধ ছিটানো হলে মশার উপদ্রব অনেকটাই কমে আসবে বলে আমরা আশাবাদী। 
বিকে/মান্নান
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন