দুর্ঘটনায় আহতকে উদ্ধার
নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২১:১৮
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়নের ৪টি প্লাটুন নিয়মিত দায়িত্ব পালন করছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধ, জনসাধারণের নিরাপদ চলাচল এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তারা নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সুদূরপ্রসারী পরিকল্পনা, বিচক্ষণ দিকনির্দেশনা ও সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সেবায়ও নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ ১৪ নভেম্বর নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের ৪ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত এক পথচারীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা। একটি প্রাইভেট কারের ধাক্কায় ওই পথচারী আহত হলে কাছেই অবস্থানরত ব্যাটালিয়ন সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন এবং একটি গাড়ির মাধ্যমে তাকে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সদস্যদের এমন তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক ভূমিকার প্রশংসা করেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন।
বর্তমানে আনসার ব্যাটালিয়নের চারটি প্লাটুন নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পূর্ব ঢাল, শিবু মার্কেট, ফতুল্লা, চাষাঢ়া মোড় ও বিসিক শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছে। এসব এলাকায় নিয়মিত টহল, যৌথ প্যাট্রোলিং, স্থির অবস্থানে নিরাপত্তা দায়িত্ব এবং শিল্পকারখানাকেন্দ্রিক বিশেষ নজরদারি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভাতাভোগী সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অঙ্গীভূত আনসার ও নিজস্ব গোয়েন্দা সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
আনসার ব্যাটালিয়ন সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও কার্যকর নজরদারির ফলে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা, অনাকাঙ্ক্ষিত জনসমাগম ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার মাধ্যমে শিল্প উৎপাদনের ধারাবাহিকতা রক্ষায় তারা দায়িত্ব পালন করছেন। তাদের উপস্থিতি স্থানীয় ব্যবসায়ী, শিল্পকারখানার কর্মী ও সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের সহায়তায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসার মধ্য দিয়ে আনসার ব্যাটালিয়ন সদস্যরা তাদের পেশাগত দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিচ্ছেন। নিরাপত্তা দায়িত্বের পাশাপাশি জনসেবায় তাদের এমন ভূমিকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনকল্যাণমূলক অঙ্গীকারেরই প্রতিফলন।
বাংলাদেশের খবর/আরইউ

