মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:১৮
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পথচারীকে বাচাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন মো. নঈমুল হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিএসআরএম এলাকায় এক পথচারী সড়ক পার করার সময় নঈমুলের মোটরসাইকেলের সামনে চলে আসেন। এ সময় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাত ট্রাকের নিচে চাপা পড়েন। ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করলে পরে স্থানীয়রা আহত নঈমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনায় আরও পথচারী মো. আজিজ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
নিহত নঈমুল হোসেন মিরসরাইয়ের হিঙ্গলী ইউনিয়নের চিনকিরহাট এলাকার সাবেক সেনা কর্মকর্তা তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি নিজামপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং বারইয়ারহাট রবি ডিস্ট্রিবিউটর হাউজের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে বারইয়ারহাট রবি ডিস্ট্রিবিউটর হাউজের টেরিটরি ম্যানেজার মুসলিম উদ্দিন বলেন, ‘নঈমুল হোসেন গত তিন মাস ধরে আমাদের প্রতিষ্ঠানে সেলস অফিসার হিসেবে কাজ করছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।’
নিহতের চাচাতো ভাই সালাউদ্দিন বলেন, ‘নঈমুল পড়াশোনার পাশাপাশি সেলস অফিসার হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে পরিবার শোকাহত।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহিমা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন রোগী হাসপাতালে আনা হয়েছিল। একজনকে মৃত ঘোষণা করা হয়েছে, অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অজ্ঞাত ট্রাকটি উদ্ধার করার চেষ্টা চলছে।’
সাফায়েত মেহেদী/এমজে

