Logo

সারাদেশ

দিনাজপুরে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Icon

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৫:০১

অ
দিনাজপুরে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

দিনাজপুরের খানসামায় ভুট্টা ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় সবুজ ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার সবুজ ইসলাম ফতেজংপুর (কামারের মোড়) এলাকার মো. জাহিদের ছেলে এবং গৃহবধূ হত্যার ঘটনায় এজাহার নামীয় ২নং আসামি।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জেলার চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, গৃহবধূ আনিছা খাতুন (১৯) চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর একটি কোম্পানিতে চাকরি করতেন। চাকরির সুবাদে গ্রেপ্তারকৃত আসামিসহ অন্যান্য আসামিদের সাথে পরিচয় হয় আনিছার। এক পর্যায়ে মামলার ১ নম্বর আসামি মাহফুজুর রহমানের সাথে আনিছার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা তাদের পরিবারকে না জানিয়ে বিয়ে করে। 

তাদের বিয়ে আসামির পরিবার মেনে না নেওয়ায় আসামি সবুজ ও আনিছা তার বড় ভাই খানসামায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।  আনিছা ও আসামির মধ্যে বাকবিতণ্ডা হলে আনিছা তার পিতার বাসায় চলে যান। পরে ৬ জানুয়ারি আনিছাকে ভাড়া বাসায় নিয়ে যান মাহফুজার। গত ৭ জানুয়ারি সকালে খানসামার গোয়ালডিহি গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আনিছার বড় ভাই বাদী হয়ে খানসামা থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃত আসামিকে খানসামা থানায় পাঠানো হয়েছে।

জে.আর.জামান/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন