ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজার থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তল্লাশি করে ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়।
জানা গেছে, শুক্রবার কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসে ভ্রমণ শেষ করে ফিরছিলেন ফুলগাজীর শ্রীপুরের আবুল হাসনাত অন্তু, দিনার, সাইফুল, মেহেদী, বাশেদ ও নাফিস। একই বাসে থাকা কিছু ব্যক্তিকে রোহিঙ্গা নাগরিক সন্দেহ হলে। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা আশানুরূপ উত্তর দিতে ব্যর্থ হয়। বাসটি মহিপাল পৌঁছলে ছাত্র প্রতিনিধি সোহরাব হোসেন সাকিলসহ কয়েকজন গাড়িটি গতিরোধ করে। বিষয়টি নিয়ে স্টার লাইনের কাউন্টার ইনচার্জ আবুল কালাম আজাদ ও মামুনের সাথে ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে বাসটি মহিপাল আর্মি ক্যাম্পে নিয়ে গেলে স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দীন ছুটে যান। সেখানে আর্মি ক্যাম্পের দায়িত্ব থাকা ক্যাপ্টেন ইশতিয়াক ও লেফটেন্যান্ট মাসরুরের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা নাগরিকদের পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, শনিবার (১১ জানুয়ারি) আটককৃত রোহিঙ্গা নাগরিকদের আদালতে তোলা হবে।
এম. এমরান পাটোয়ারী/এমআই

