আ.লীগ বাংলাদেশকে নিজের দেশ মনে করত না : জামায়াত নেতা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২০:১৯
ছবি : বাংলাদেশের খবর
আওয়ামী লীগ বাংলাদেশকে নিজের দেশ মনে করত না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। শনিবার (১১ জানুয়ারি) ফেনীর ধলিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যারা এদেশকে বিক্রি করে জাতির গলায় গোলামির জিঞ্জির পরাতে চেয়েছিল, ‘তারা আজ তাদের প্রভুদের দেশে আশ্রয় নিয়েছে। তারা বাংলাদেশকে কখনো নিজের দেশ মনে করত না। তাই তারা তাদের আন্ডাবাচ্চা কেউ দেশে বসবাস করত না।’
জামায়াতের এই নেতা বলেন, ‘গত ১৫বছর আওয়ামী লীগ দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণকে হত্যা করেছে। গণহত্যা চালিয়ে নারী, পুরুষ, শিশু-কিশোরদের জীবন কেড়ে নিয়েছে। অবশেষে যুদ্ধে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে।’
তিনি আরও বলেন, জামায়াত দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক মঙ্গলময় রাষ্ট্র কায়েমের জন্য কাজ করছে। দেশের মানুষ এখন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলবাজমুক্ত বাংলাদেশ চায়।’
এমজে

