জুয়েলার্স মালিকের বাসা থেকে ৬০ ভরি স্বর্ণ লুট
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৪:০৯
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের চিঙ্গড়িয়া এলাকায় ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের বাসায় সন্ত্রাসী হানা দিয়ে ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুটে নিয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর আনুমানিক সাতটার দিকে এ ঘটনা ঘটলে এলাকার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তিন যুবক বাসায় ঢুকে গৃহবধূ অর্পিতা সরকারসহ দুই নারীকেই বেঁধে মারধর করেন। এরপর তারা আলমারির চাবি নিয়ে সোনা ও টাকা নিয়ে পালিয়ে যান।
গৃহবধূ অর্পিতা সরকার বলেন, ‘শনিবার সন্ধ্যায় বাসার সামনে নক করে বাসা ভাড়া নিতে চাওয়ার কথা বলে তারা ঘরে ঢুকে আচমকা মারধর শুরু করে। আমাকে ও শাশুড়িকে বেঁধে রাখে। পরে আলমারির চাবি নিয়ে সোনা ও টাকা লুটে নেয়।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রকৃত তথ্য জানা যাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জাকারিয়া জাহিদ/এমজে

