ফেনীতে টপ সয়েল কাটায় ৩ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৭:২২
ছবি : বাংলাদেশের খবর
ফেনী সদর উপজেলায় ফসলি জমির টপ সয়েল কাটার অপরাধে তিন ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার।
সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলেনিয়া গ্রামের মাখন পাল বাড়ির মাখন পাল ও তার ভাই স্বপন পাল একই এলাকার জামাল উদ্দিনের কাছে ফসলি জমির মাটি বিক্রি করে। পরে জামাল উদ্দিন সেই মাটি ইটভাটায় বিক্রির জন্য জমির টপসয়েল কাটতে থাকেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে প্রমাণিত হয়, তারা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করেছেন।
এ সময় ফসলি জমির মাটি বিক্রি করার অপরাধে মাখন পাল ও তার ভাই স্বপন পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফসলি জমির মাটি ক্রয় ও টফ সয়েল কাটার অপরাধে জামাল উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বাংলাদেশের খবরকে জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে টপসয়েল কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মুচলেকা দিয়ে স্কেভেটর মালিককে ছেড়ে দেওয়া হয়েছে।
এমরান পাটোয়ারী/এমবি

