Logo

সারাদেশ

জিয়ার নেতৃত্বেই বাংলাদেশ নতুন দিগন্তের দিকে এগিয়েছিল : প্রিন্স

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪৮

অ
জিয়ার নেতৃত্বেই বাংলাদেশ নতুন দিগন্তের দিকে এগিয়েছিল : প্রিন্স

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘শহীদ জিয়ার নেতৃত্বেই বাংলাদেশ নতুন দিগন্তের দিকে এগিয়ে গিয়েছিল। তার ১৯ দফা কর্মসূচি জাতীয় উন্নয়নে একটি মাইলফলক। এই কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়নকে এক নতুন দিগন্তে নিয়ে যাওয়ার পথ তৈরি হয়েছিল।’

রোববার (১৯ জানুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ‘শহীদ জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিশেষ করে তার গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য গৃহীত পদক্ষেপগুলো আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।’

তিনি আরও বলেন, ‘শহীদ জিয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম। তার পথচলা কখনোই সহজ ছিল না। কিন্তু তিনি দক্ষতা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’

এমরান সালেহ প্রিন্স শহীদ জিয়ার মধ্যপ্রাচ্যে কূটনীতি ও ‘নিমগাছ ডিপ্লোমেসি’ প্রসঙ্গে বলেন, ‘শহীদ জিয়া সৌদি আরবের মরু অঞ্চলে নিমগাছ রোপণের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন। তার এই উদ্যোগ শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং পুরো আরব বিশ্বে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

তিনি আরও বলেন, ‘শহীদ জিয়া দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার অবদান কখনো অস্বীকার করা সম্ভব নয়।’ 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সংকট সমাধানের একমাত্র পথ হলো অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশের সমস্যা সমাধান হবে।’

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন