নৌপথে চাঁদাবাজি-ডাকাতি বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৪৫
ছবি : বাংলাদেশের খবর
নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে শহরের লঞ্চ টার্মিনালের উপরে এ কর্মসূচি পালন করেন তারা।
নৌযান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা অভিযোগ করে বলেন, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চাঁদাবাজি, ডাকাতির মতো ঘটনা ঘটছে। এছাড়াও এসব অপকর্ম চলাকালে নৌযান শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। যার সাথে প্রকাশ্যে জড়িত রয়েছে ডাকাত নয়ন, পিয়াস, রিপন বালুদস্যু কিবরিয়া মিঝি, জিন্নত গংরা।
এ সময় অনতিবিলম্বে এসব নৌ-সন্ত্রাসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ার দেন তারা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌযান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের মুন্সীগঞ্জ জেলা সভাপতি তাইজুল ইসলাম বাদশা। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নৌযান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, ড্রেজার মালিক সমিতির জেলা সভাপতি মো. ইউনুস আলীসহ নৌযান শ্রমিক সুজন, উজ্জ্বল, রিপন, নাদিম যাদু ফারুক, শামিল ও চঞ্চল প্রমুখ।
বাছির উদ্দিন জুয়েল/এমবি

