ঘাট ইজারা নিয়ে সংঘর্ষে মৎস্য দল নেতাসহ আহত ২
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৮:০৬
পটুয়াখালীর আলীপুরে বিআইডব্লিউটির পল্টুনে ইজারা আদায় নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মৎস্য দল নেতা রুহুল আমিন মাঝি (৪৭) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকালে লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারের পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ঘাট ইজারাদারের প্রতিনিধি নুরু মিয়াও আহত হয়েছেন।
আহত নুরু মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবে গুরুতর আহত রুহুল আমিন মাঝিকে বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিআইডব্লিউটিএ ঘাটে ফিশিং ট্রলার থেকে ইজারার টাকা আদায় করছিলেন নুরু। এ সময় রুহুল আমিন মাঝি তাকে টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক থেকে হাতাহাতিতে রূপ নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কিছুক্ষণ পর নুরুর নেতৃত্বে রুহুল আমিন মাঝির ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় নুরু ও লতাচাপলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হাওলাদারের সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, নুরু দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তিনি সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করেন। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। একসময় ক্ষমতাসীন দলের সঙ্গে চললেও বর্তমানে তিনি বিএনপির নেতাদের ঘনিষ্ঠ দাবি করছেন।
ঘাট ইজারাদার তামিম মুন্সী বলেন, ‘আমি পটুয়াখালী থেকে আলীপুর ঘাটটি ইজারা নিয়েছি। নুরু আমার প্রতিনিধি হয়ে টাকা তুলছিল। তবে আজকের ঘটনার বিষয়ে আমি কিছু জানি না।’
অন্যদিকে, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার বলেন, ‘ঘাটে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। আপাতত ঘাটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে নুরু আমাদের দলের কেউ না।’
ঘাট ইজারা প্রতিনিধি নুরু পাল্টা অভিযোগ করেন, ‘রুহুল আমিন মাঝি আমাকে বাধা দেয় এবং শারীরিকভাবে আক্রমণ করে। এতে আমার মাথায় গুরুতর আঘাত লাগে।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষের জেরে ঘাটের কার্যক্রম বন্ধ থাকায় মৎস্য ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জাকারিয়া জাহিদ/এমজে

