চাঁদপুরে বিপুল পরিমাণ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরে পুরান বাজার ঘোষপট্টি এলাকায় পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত অভিযানে ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসমিল্লাহ পেপার এণ্ড স্টেশনারি থেকে ৯০ কেজি এবং মেসার্স জগবন্ধু সাহা স্টোর থেকে ১,২০৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বিসমিল্লাহ পেপার এণ্ড স্টেশনারির মালিক আব্দুল কাদির শেখ এবং মেসার্স জগবন্ধু সাহা স্টোরের মালিক প্রবীর কুমার সাহাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইনে এই জরিমানা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, মজুদ ও পরিবহন রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি চৌকস দল।
আলআমিন ভূঁইয়া/এমআই

