ছবি : বাংলাদেশের খবর
ফেনীর পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০ জন পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এসব হুইল চেয়ার প্রদান করা হয়।
বুধবার (২২ জানুয়ারি) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাহেনা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল কাদের মিনার ও নাহিদ রাব্বি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন প্রমুখ।
বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাহেনা আক্তার বাংলাদেশের খবরকে জানান, উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০ জন পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমরান পাটোয়ারী/এমবি

