Logo

সারাদেশ

মিরসরাইয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

Icon

মিরসরাই প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ২০:৫২

অ
মিরসরাইয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে রিজিয়া আক্তার আঁখি (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা পুলিশ। এ ঘটনায় আঁখির স্বামী মঈন উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী ভূঁইয়া বাড়ির শাহ আলমের মেয়ে।

আঁখির বাবা শাহ আলম বলেন, বুধবার দুপুরে আমার মেয়ের জামাইয়ের মামাতো ভাই আমাকে ফোন দিয়ে বলে আপনি একটু মেয়ের বাড়িতে (শ্বশুর বাড়ি) আসেন। তখন আমি জিজ্ঞেস করি কেন? তখন ও বলে যে আপনার মেয়ে মারা গেছে। তখন সবাই মিলে ওই বাড়িতে যায়। গত ১ সপ্তাহ আগে আমার মেয়ে আঁখিকে স্বামী মঈন উদ্দিন মারধর করায় রাগ করে আমাদের বাড়িতে চলে আসে। পরবর্তীতে তার স্বামী এসে আর তাকে মারধর করবে না বলে তার বাড়িতে নিয়ে যায়। আমার মেয়েকে তারা মেরে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, বুধবার দুপুরে রিজিয়া আক্তার আঁখি নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাফায়েত মেহেদী/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন