বাগেরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:১৪
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটের ফকিরহাটে ‘মজুমদার ভাণ্ডার’ নামের একটি চালের গোডাউন থেকে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ফকিরহাট থানা ও খাদ্য গুদাম কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করে।
এসময় সরকারি চাল সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অপরাধে গুদামের মালিক ও কর্মচারীকে আটক করেছে পুলিশ। জব্দ প্রতি বস্তায় ৩০ কেজি চাল ছিল, যা ৯ লাখ ৩৪ হাজার টাকায় ক্রয় করেছিলেন গুদাম মালিক।
আটককৃত ব্যক্তি, ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের প্রফুল্ল মজুমদারের ছেলে আশাতীত মজুমদার ও বারাশিয়া গ্রামের দাবির উদ্দীন ভূঁইয়ার ছেলে আব্দুর রসূল।
পুলিশ জানায়, বগুড়ার করতোয়া চাউল কলের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আসিফ এন্টারপ্রাইজ থেকে তারা ৩০ কেজি ওজনের ৬৬৭ বস্তা ওমমএসের চাল ৯ লাখ ৩৪ হাজার টাকায় ক্রয় করেন। বুধবার (২২ জানুয়ারি) সকালে সেই চাল গোডাউনে পৌঁছালে বিভিন্ন দোকানে পাইকারি ও খুচরা বিক্রির জন্য নুরজাহান রাইস নামে একটি ব্রান্ডের বস্তায় পরিবর্তনের কাজ শুরু করেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ এসে তাকে ও একজন কর্মচারীকে গ্রেপ্তার করেন এবং খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত সব চাল জব্দ করেন।
ফকিরহাট উপজেলার উপখাদ্য পরিদর্শক ইকবাল হোসেন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই এলাকায় যত গুদাম রয়েছে, প্রত্যেকটি গুদাম তল্লাশি করা হবে।’
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘ বুধবার রাতে অভিযান চালানোর পর তাৎক্ষণিকভাবে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

