ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা নগরীর হযরত পাড়াসহ বিভিন্ন ওয়ার্ডের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখা দেখতে পাওয়া গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এসব স্লোগান দেখা যায়। তবে কে বা কারা এসব স্লোগান লিখেছেন, তা জানা যায়নি।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এ ঘটনায় আওয়ামী লীগের সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারসহ দুই ডজনেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
এরপর থেকে আওয়ামী লীগের কোনো প্রকাশ্য তৎপরতা দেখা যায়নি। তবে দেয়ালে স্লোগান লেখার মাধ্যমে আবারও তাদের কার্যক্রম সামনে আসছে। এসব স্লোগান লাল, কালো ও সবুজ কালিতে বিভিন্ন ভবনের দেয়ালে লেখা হয়।
ইসলামী যুব আন্দোলনের মহানগর সহসভাপতি ডা. আতিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কাজ করতে দেয়া উচিত নয়। তারা লুকোচুরি করে কাজ করছে। চোখে দেখলে অবশ্যই তাদের পুলিশে দিতাম।
যুবদল নেতা সাজ্জাদুর রহমান সজিব বলেন, আওয়ামী লীগ আবার ফিরে আসতে নানান অপচেষ্টা চালাচ্ছে। আমরা এ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দেব। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা পূর্বেও রুখে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও সজাগ থাকব।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, দেশ রক্ষার্থে আওয়ামী লীগের সাথে কখনো আপোষ করিনি। যারা দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখছে, তাদের চিহ্নিত করে পুলিশে ধরিয়ে দিন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কাজ যারা করবে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

