সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ আটক ২
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় পলিথিন বহন করা একটি কাভার্ডভ্যান থেকে ৬ হাজার ৮২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার ভোররাতে সাভারের সালেহপুর ইউটার্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ পলিথিন ভর্তি কাভার্ডভ্যান আটক করে পুলিশ। এ সময় চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী থানার পূর্ব রামখানা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কাভার্ডভ্যানের চালক মো. শাহাবুল আলম (২৫) ও
পঞ্চগড়ের বোদা থানার নন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে চালকের সহযোগী মো. আইয়ুব আলী।
হাইওয়ে পুলিশ জানায়, আটক কাভার্ডভ্যানের ভেতরে ২৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। প্রতিটি বস্তায় ২৪.৮ কেজি করে ৬ হাজার ৮২০ কেজি পলিথিন পাওয়া গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হাসান ভুঁইয়া/এমবি

