ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৪
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ শুরু করে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন জানান, ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করা বরযাত্রীবাহী বাসটি নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে বাসটি কোথা থেকে এসেছিল তা এখনও স্পষ্ট নয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
ডিআর/এমএইচএস

