কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার দাউদকান্দিতে জমি চাষের টাকা নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি থামানোর একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫৮ বছরের বৃদ্ধ হাবিব তালুকদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের বাবুল মিয়ার চা-দোকানের সামনে পাওনা টাকা নিয়ে দেলোয়ার ও সোলেমানের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় একই গ্রামের হাবিব তালুকদার তাদের মীমাংসা করতে এগিয়ে গেলে সোলেমান মাটিতে পড়ে সামান্য আহত হয়। এ ঘটনায় সোলেমান উত্তেজিত হয়ে রাত ৭টার দিকে কয়েকজনকে নিয়ে হাবিব তালুকদারের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা হাবিবকে গুরুতর অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিব তালুকদার গফুর মিয়ার ছেলে ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- চারু ভূইয়ার ছেলে মিজান ফকির (৫০) ও বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া (২৪)। এ ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে শনিবার দাউদকান্দি মডেল থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

