হাতিরঝিল থানার ওসি ক্লোজড, তদন্তে ডিএমপি
পাঞ্জাবির শোরুম ইস্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৬:৫৪
ঢাকার মগবাজারে একটি পাঞ্জাবির শোরুমকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজাকে ক্লোজড করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গত ২০ মার্চ মগবাজারের বিশাল সেন্টারে ‘নবীন’ ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকানে বিক্রয় অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও শোরুম কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে ওসি গোলাম মর্তুজাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। একই ঘটনায় এক সহকারী উপপরিদর্শক (এএসআই)কে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপি বলছে, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিকে/মাসুম

