জানুয়ারিতে দেশে এল তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৫
চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ প্রবাস আয়। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স।
রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান। তিনি বলেন, গত বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় এক বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের সর্বোচ্চ প্রবাস আয়। তবে সর্বকালের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চ মাসে, সে সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।
এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।
এসএসকে/

