বাজারে এল নতুন ১০ টাকার নোট : চেনার উপায় ও নিরাপত্তা বৈশিষ্ট্য
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪
ছবি : সংগৃহীত
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়া হচ্ছে নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকার ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই নোটটি প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা থেকে পাওয়া যাবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নোটের বিশেষত্ব : ‘গ্রাফিতি-২০২৪’
এবারের নোট সিরিজের অন্যতম বড় পরিবর্তন হলো এর পেছনের নকশা। নোটের সম্মুখভাগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও শাপলার ছবি থাকলেও, পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র। এটি মূলত সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে তৈরি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এই নোটটি বাজারে আনা হচ্ছে। এরই মধ্যে একই সিরিজের ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে সব মূল্যমানের নতুন নোট বাজারে আনার উদ্যোগের অংশ হিসেবে এবার ১০ টাকার নোট ইস্যু করা হলো। নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এবং পরবর্তীতে অন্যান্য কার্যালয় থেকেও সরবরাহ করা হবে।
নতুন ১০ টাকার নোটের বৈশিষ্ট্য ও চেনার উপায়
১. নকশা ও আকার : নতুন নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিলিমিটার বাই ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাঁ পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। নোটের পেছন ভাগে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি মুদ্রিত আছে। পুরো নোটটিতে গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে।
২. নিরাপত্তা সুতা : নোটের সম্মুখভাগে বাঁ পাশে ২ মিলিমিটার চওড়া একটি নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যেখানে ‘৳১০ দশ টাকা’ লেখা রয়েছে। নোটটি নাড়াচাড়া করলে এই সুতার রং লাল থেকে সবুজ হবে এবং আলোর বিপরীতে ধরলে এটি স্পষ্ট দেখা যাবে।
৩. জলছাপ : নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ রয়েছে। এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে।
৪. সি-থ্রো ইমেজ ও মাইক্রোপ্রিন্ট : গভর্নরের স্বাক্ষরের ডান পাশে একটি বিশেষ প্যাটার্ন রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখাটি ফুটে ওঠে। এছাড়া নোটের বিভিন্ন অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে ছোট অক্ষরে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে।
সংগ্রাহকদের জন্য সুখবর
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাধারণ নোটের পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ‘নমুনা নোট’ (বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। এটি মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে বাজারে প্রচলিত আগের নকশার ১০ টাকার নোট ও ধাতব মুদ্রাগুলোও সচল থাকবে।
এমএইচএস

