এমএফএসে লেনদেন সীমিত, এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৩
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)–এ একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পাঠানো যাবে ১০ হাজার টাকা। একই সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে।
রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)–এর আওতাধীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে আজ রোববার দিবাগত রাত থেকে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টার জন্য এমএফএস ব্যক্তিক হিসাবের লেনদেন সীমা নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা। দৈনিক সর্বোচ্চ লেনদেন করা যাবে ১০ বার। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী স্বাভাবিক লেনদেন অব্যাহত থাকবে। অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন এ সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ সময়ে সব লেনদেন এমএফএস প্রোভাইডারের পক্ষ থেকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক কোনো লেনদেন ধরা পড়লে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় তা জানাতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, এ সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি–এর মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো প্রয়োজনীয় সহযোগিতা দেবে। নির্ধারিত সময়সীমা শেষে স্বাভাবিক লেনদেন যথারীতি পুনর্বহাল হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, একটি এমএফএস হিসাব থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা পাঠানো যায়। একটি হিসাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জমা রাখা যায়। দিনে যতবার খুশি লেনদেন করা যায়। এ ছাড়া এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক ৩০ হাজার এবং মাসে দুই লাখ টাকা উত্তোলন করা যায়।
এএস/

