বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করলে ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
দেশের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি স্পষ্ট বার্তা দেন— কথায় নয়, অগ্রাধিকার থাকবে কাজে।
কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের নতুন গভর্নর জানান, কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চার বছরের জন্য মো. মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন।
১৯৬৬ সালে ঢাকায় জন্ম নেওয়া মো. মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৩তম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
মো. মোস্তাকুর রহমান পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর সদস্য এবং হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। নারায়ণগঞ্জে অবস্থিত হেরা সোয়েটার্স একটি পরিবেশবান্ধব কারখানা।
ডিআর/এমবি

