বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, দেশে কত?
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৫
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা এবং ইরানকে কেন্দ্র করে দেশটির চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর প্রভাবে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৩২ দশমিক ২১ ডলারে পৌঁছেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৩২ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় সাড়ে ৬ শতাংশ বেড়েছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৫ হাজার ২৫৩ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।
এএনজেডের বিশ্লেষক সোনি কুমারী বলেন, স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে দুটি বিষয় ভূমিকা রাখছে—বর্তমানে বাজারে শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা এবং ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি।
এক্সএস ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লিন ট্রান বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও স্পষ্ট কোনো ফল পাওয়া যায়নি। এতে স্বর্ণের দাম উচ্চ পর্যায়ে রয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি টেকসই হবে কি না, তা এখনও বলা কঠিন।
এদিকে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
এএস/

