Logo

অর্থনীতি

যুদ্ধবিরতি

হরমুজ পার হতে ছুটছে ‘বাংলার জয়যাত্রা’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:৩৭

হরমুজ পার হতে ছুটছে ‘বাংলার জয়যাত্রা’

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে সম্মত হওয়ার পর থেকে সেখানে জাহাজ চলাচল শুরু হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।

তবে বুধবার ভোরে যুদ্ধবিরতির পর আটকে থাকা জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার জন্য নোঙর তুলেছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দুপুর ১২টায় দেখা যায়, জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়েছে। দুপুর ১২টায় দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল জাহাজটি। জাহাজটির গতিবেগ দেখাচ্ছে ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল। জাহাজটির ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) ১০ দশমিক ৮০ মিটার।

জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান বুধবার গণমাধ্যমকে বলেন, ‘সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে আমরা দাম্মাম বন্দরের বহির্নোঙরে ছিলাম। যুদ্ধবিরতির পর এখন নোঙর তোলা হয়েছে। হরমুজের দিকে যাচ্ছি। হরমুজ পার হওয়ার পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে নেওয়া হবে।’ 

তিনি আরও জানান, হরমুজ থেকে ৪২৫ নটিক্যাল মাইল দূরে রয়েছেন তারা। হরমুজ পার হতে আরও অন্তত দুই দিন (৪০ ঘণ্টা) সময় লাগতে পারে।

বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

বিএসসির কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্যবোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে আগের অবস্থানে ফিরে যেতে হয় জাহাজটিকে। যুদ্ধবিরতির পর এখন আবার যাত্রা শুরু করল জাহাজটি।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে সম্মত হওয়ার পর থেকে দুটি জাহাজ জলপথটি অতিক্রম করেছে। গতকাল বুধবার সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিক এ তথ্য নিশ্চিত করে বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

মেরিন ট্রাফিক এক এক্স পোস্টে জানায়, গ্রিসের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজে আর্থ প্রণালিটি অতিক্রম করে। আর লাইবেরিয়ার পতাকাবাহী ডেটোনা বিচ বন্দর আব্বাস থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই অতিক্রম করে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক এক্স পোস্টে বলেন, যুদ্ধবিরতির সময়ে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালির মধ্য দিয়ে চলাচল সম্ভব হবে।

ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলতে রাজি হওয়ায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তেহরান সমঝোতায় না এলে এক রাতেই ‘পুরো সভ্যতা’ ধ্বংস করার হুমকি দেবার পর পরিকল্পিত হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে রাজি হন তিনি।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন