Logo

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক

সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:২০

সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা

ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির সংবাদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একইসঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না— বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে অবহিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং জরুরি প্রয়োজন মেটাতে নতুন এই সুবিধা দেওয়া হচ্ছে।

ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা চলমান স্কিমের নির্ধারিত বিধিনিষেধের বাইরে থেকেও প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুনাফায় থাকছে না কোনো কর্তন এমনটা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না। তবে বিষয়টি নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। এ বিভ্রান্তি দূর করতে কোনো আমানতকারীর মুনাফা যে কাটা হবে না, তা অবিলম্বে সব গ্রাহককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার নির্দেশনা দেন গভর্নর।

প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন এই ইসলামী ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে তাদের স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে না পারা শরীয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকগুলো এতদিন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দিয়ে চলছিল। তবে সম্প্রতি সব প্রশাসক তুলে এনে সরকারের নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার দেওয়া হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন