Logo

অর্থনীতি

সার মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৬:১৯

অ
সার মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞার

ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলে সারের সরবরাহ স্বাভাবিক রাখা ও দুর্নীতি রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

বাফার ৩৪টি  গুদাম নির্মাণ প্রকল্পের অগ্রগতি ও সার মজুদ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে বিসিআইসি'র চেয়ারম্যান মো. বাবুল মিঞা গত ১২ ও ১৩ নভেম্বর বাফার ৩৪টি গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট ও রংপুরে নির্মাণাধীন বাফার গুদামের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট বাফার গুদামসমূহে সার পরিবহন, সংরক্ষণ ও মজুদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে পর্যাপ্ত সার মজুদ নিশ্চিত করা এবং পরিবহন ও বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

১৩ নভেম্বর রংপুর সার্কিট হাউসে সার পরিবহন, সংরক্ষণ ও মজুদ পরিস্থিতি সংক্রান্ত মনিটরিং কমিটির সঙ্গে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিসিআইসি'র চেয়ারম্যান। উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এবং সার সংকট মোকাবিলায়, সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা আরও কার্যকর করতে রংপুরে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রংপুর সার্কিট হাউসে রংপুর জেলা প্রশাসন-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় ‘বাফার ৩৪টি গুদাম নির্মাণ’ প্রকল্প এবং এসব গুদামের সার পরিবহন, সংরক্ষণ ও বর্তমান ‘সারের মজুদ পরিস্থিতি’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সচিব ও বিসিআইসি’র চেয়ারম্যান মো. বাবুল মিঞা এবং সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে বিসিআইসি’র চেয়ারম্যান জানান, উত্তরাঞ্চলে সারের সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সার নিয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। উত্তরাঞ্চলের কৃষি ও সামগ্রিক বাজার ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং প্রকৃতপক্ষে কোথাও কোনো সার সংকট নেই।

বক্তব্যে তিনি আরও বলেন, সারের কৃত্রিম সংকটের বিষয়ে কিছু অসাধু মহলের প্রচারিত তথ্যে কৃষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ ধরনের গুজব ও বিভ্রান্তি দূর করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার বিতরণ ব্যবস্থাপনা এবং মজুদ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি কৃষকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত সার মজুদ করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন