Logo

শিক্ষা

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, তিন বিভাগে ফি বেড়েছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০২

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, তিন বিভাগে ফি বেড়েছে

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি বাড়িয়েছে। গত বছরের (২০২৫) তুলনায় এবার প্রতিটি বিভাগের ফি ২১০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বিলম্ব ফি (জরিমানা) ছাড়া ফরম পূরণ চলবে ৯ মার্চ পর্যন্ত। ফি পরিশোধ করা যাবে ১০ মার্চ পর্যন্ত। জরিমানাসহ শিক্ষার্থীরা ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড–এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিলে, সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। গত বছর এই ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা। ফলে এ বছর বেড়েছে ২১০ টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। গত বছর এ দুই বিভাগের ফি ছিল ২ হাজার ২২৫ টাকা। ফলে এ ক্ষেত্রেও ফি বেড়েছে ২১০ টাকা।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান বিভাগের (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিক ফিসহ) ৮৫৫ টাকা—মোট ২ হাজার ৯৯৫ টাকা।

মানবিক বিভাগের (চতুর্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা—মোট ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রেও বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা—মোট ২ হাজার ৪৩৫ টাকা।

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা ব্যবহারিক ফি দিতে হবে। এছাড়া ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ের জন্য ১৪০ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, কলেজগুলোতে নির্বাচনি পরীক্ষা শেষ করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হবে। পরীক্ষার সময়সূচি এখনো নির্ধারিত হয়নি; শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর