Logo

শিক্ষা

প্রধানমন্ত্রীর সম্মতিতে জাতীয়করণের পথে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৪:৫৬

প্রধানমন্ত্রীর সম্মতিতে জাতীয়করণের পথে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি পাওয়ার পর বগুড়া জেলার গাবতলী উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গাবতলী উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। গত ৮ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির পরিপ্রেক্ষিতে জাতীয়করণের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয়করণের প্রাথমিক ধাপ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে হবে। সেগুলো হলো—

প্রতিষ্ঠানে নতুন নিয়োগে নিষেধাজ্ঞা, স্থায়ী ও অস্থায়ী সম্পদ হস্তান্তর বন্ধ রাখা, সরেজমিনে কলেজ পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যাচাই ও কোনো মামলা-মোকদ্দমা রয়েছে কি না তা পরীক্ষা করা।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইন উপদেষ্টার মতামত এবং প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজটি জাতীয়করণ হলে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন