Logo

শিক্ষা

বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হবে দেশের বিশ্ববিদ্যালয় : ইউজিসি চেয়ারম্যান

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৯:৫৫

বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হবে দেশের বিশ্ববিদ্যালয় : ইউজিসি চেয়ারম্যান

সংগৃহীত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার জন্য বাংলাদেশকে বেছে নেবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম-২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মামুন আহমেদ বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার আন্তর্জাতিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।  বাংলাদেশের অনেক শিক্ষার্থী বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করছেন।  তবে তাদের সঙ্গে দেশের আত্মিক সম্পর্ক এখনো অটুট রয়েছে।  এই দক্ষ ও মেধাবী মানবসম্পদকে দেশের উন্নয়নে যুক্ত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, “মেধা পাচার নয়, বরং মেধার সার্কুলেশন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।”

ইউজিসি চেয়ারম্যান আরও জানান, বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টেকসই ও কার্যকর সহযোগিতা গড়ে তুলতে ইউজিসি সক্রিয়ভাবে কাজ করছে। উচ্চশিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো এবং শিক্ষাক্ষেত্রে অগ্রসর দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চীনের উচ্চশিক্ষা খাতের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক গবেষণাগার, যৌথ গবেষণা তহবিল এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তিনি আরও বলেন, শুধু সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে সীমাবদ্ধ থাকলে হবে না; যৌথ ডিগ্রি প্রোগ্রাম, পিএইচডি গবেষকদের জন্য দ্বৈত তত্ত্বাবধান এবং আন্তর্জাতিক মানের জার্নালে যৌথ গবেষণা প্রকাশের মতো বাস্তবধর্মী উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বুয়েট উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানসহ শিক্ষা ও গবেষণা খাতের দেশি-বিদেশি প্রতিনিধিরা।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন