সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বসবে সোলার প্ল্যান্ট : শিক্ষামন্ত্রী
শিক্ষা ডেস্ক :
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৭:০২
সংগৃহীত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাখাতে উন্নয়ন ও আধুনিকায়নে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ–এ ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট স্থাপনসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের জট ও সময়ক্ষেপণ দূর করতে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় ১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এ বিষয়ে আজই একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে নির্ধারিত সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং সিলেবাস যথাযথভাবে সম্পন্ন করার কৌশল নিয়ে আলোচনা হবে।
দেশের জন্য দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে “নেট জিরো ক্যাম্পাস” গঠনের অংশ হিসেবে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল’ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এই সৌরবিদ্যুৎ প্রকল্প পরিবেশবান্ধব ও অর্থসাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে ক্যাম্পাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয়ে সাশ্রয় নিশ্চিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেড–এর প্রতিনিধিরা, কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
বাংলাদেশেরখবর/আরকে

